শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ মিছিল বের করা হয়। এ ঘটনায় আশপাশের এলাকায় কিছুটা আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগ নেতা মো. খাত্তাব মোল্লার নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী হঠাৎ মহাসড়কে মিছিল বের করেন। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেন।
মিছিলটি অল্প সময় স্থায়ী হলেও মহাসড়ক ও আশপাশের এলাকায় উপস্থিত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মিছিলের দৃশ্য আশপাশের কয়েকজন মোবাইল ফোনে ধারণ করেন। পরে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মো. খাত্তাব মোল্লা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি কালিয়াকৈর উপজেলা যুবলীগের ৭১ সদস্যবিশিষ্ট কমিটি এবং কালিয়াকৈর পৌর আওয়ামী যুবলীগের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদনের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আশরাফুল ইসলাম স্বাক্ষরিত ওই দুই কমিটির তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় বলে জানা গেছে।
এদিকে, ওই কমিটি দুটির সমর্থনে আওয়ামী লীগ ও যুবলীগের কিছুসংখ্যক নেতাকর্মী চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হঠাৎ কালিয়াকৈরে ঝটিকা মিছিল বের করেন বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে।
ঘটনার বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খাত্তাব মোল্লার নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের হওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই মিছিলকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। সেখানে কাউকে পাওয়া যায়নি।
ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।