সাদেকুল ইসলাম,বিরর(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরল উপজেলায় ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও জনবান্ধব করার লক্ষ্যে পাঁচ দিনব্যাপী “ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন” এর উদ্বোধন করা হয়েছে। এ ক্যাম্পেইনের আয়োজন করেছে পূবালী ব্যাংক পিএলসি, বিরল উপশাখা।
রবিবার বিরল স্থলবন্দর রোড ও বিরল বাজার এলাকায় দিনব্যাপী এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক দিনাজপুর জেলা শাখার এজিএম মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক বিরল উপশাখার ব্যবস্থাপক মো: আশরাফুজ্জামান এবং সঞ্চালনা করেন রিজিওনাল অফিসার ও এডিসি ইনচার্জ মো: হুমায়ুন কবির।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগে আর্থিক লেনদেনকে দ্রুত, স্বচ্ছ ও ঝুঁকিমুক্ত করতে ক্যাশলেস ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রান্তিক পর্যায়ের মানুষকে ডিজিটাল আর্থিক সেবার সঙ্গে সম্পৃক্ত করতে এ ধরনের ক্যাম্পেইন বড় ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে অতিথি, কর্মকর্তা-কর্মচারী এবং গ্রাহকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিরল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আলোচনা সভাস্থলে এসে শেষ হয়।
আয়োজকরা জানান, পাঁচ দিনব্যাপী এ ক্যাম্পেইনের মাধ্যমে সাধারণ মানুষকে ক্যাশলেস লেনদেন, মোবাইল ব্যাংকিং, অনলাইন পেমেন্ট এবং ডিজিটাল ব্যাংকিং সেবার ব্যবহার সম্পর্কে সচেতন করা হবে। পাশাপাশি নতুন গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের তথ্য ও সহায়তাও প্রদান করা হবে।
বক্তারা আরও বলেন, “ডিজিটাল বাংলাদেশ” বাস্তবায়নের অংশ হিসেবে ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। বিরল উপজেলার অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও আধুনিক করতে এই ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।