ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান এবং পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। শুক্রবার (১৯ জুন) ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন।
জেলা প্রশাসন ময়মনসিংহ ও বিআরটিএ জেলা সার্কেলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে মোট ১ কোটি ৯৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এই সড়ক দুর্ঘটনা ক্ষতিপূরণ কর্মসূচির মাধ্যমে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক কষ্ট কিছুটা লাঘব করার চেষ্টা করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হলেও তাদের প্রকৃত ক্ষতি কখনোই পূরণ করা সম্ভব নয়। তিনি বলেন, বিশ্বের অনেক দেশেই সড়ক দুর্ঘটনা ঘটে, তবে বাংলাদেশে দুর্ঘটনার হার উদ্বেগজনক। এ কারণে সরকার যেমন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে, তেমনি সাধারণ জনগণের সচেতনতা বাড়ানোও জরুরি।
তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে রাস্তা পারাপারের সময় সতর্কতা অবলম্বন করতে হবে। ফুটপাত ও মহাসড়ক দখল করে দোকান নির্মাণ বন্ধ করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের সড়ক আইন সম্পর্কে সচেতন করতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। যানবাহন চালকদের ট্রাফিক সিগন্যাল মেনে চলা এবং মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, সড়ক পরিবহন শ্রমিক ও মালিক প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সরকারের “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”-এর অংশ হিসেবে ময়মনসিংহ জেলা লেডিস ক্লাব প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলার লক্ষ্যে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
ময়মনসিংহ জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কার্যক্রমে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।