হবিগঞ্জের লাখাই উপজেলায় তিন স্কুলশিক্ষার্থীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। তবে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর দ্রুত পদক্ষেপে শিশু তিনজনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। বিদ্যালয় ছুটির পর শিক্ষার্থীরা বাড়ির পথে রওনা হলে এক অজ্ঞাতপরিচয় নারী তাদের ফুসলিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল ছুটির পর তিন কোমলমতি শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে সন্দেহজনকভাবে হাঁটছিলেন ওই নারী। বিষয়টি কয়েকজন সচেতন এলাকাবাসীর নজরে এলে তারা সন্দেহ প্রকাশ করেন। পরে শিশুদের গতিবিধি ও নারীর আচরণ আরও সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদের চেষ্টা করেন।
এ সময় পরিস্থিতি বুঝতে পেরে ওই নারী দ্রুত সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা ফয়সাল ঘটনাস্থলে পৌঁছান। চেয়ারম্যান ও স্থানীয়দের সম্মিলিত উদ্যোগে শিশু তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়।
এ ঘটনায় লাখাইয়ে অপহরণের চেষ্টা নিয়ে এলাকাজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। অভিভাবকরা তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। স্থানীয়রা দাবি করছেন, বিদ্যালয় ছুটির সময় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন।
মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা ফয়সাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে—এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। পরে স্থানীয়দের সহযোগিতায় শিশুদের উদ্ধার করে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
অন্যদিকে, ৩ শিক্ষার্থী উদ্ধার হওয়ার ঘটনায় স্বস্তি ফিরলেও অপহরণের চেষ্টা নিয়ে প্রশ্ন থেকেই গেছে। অভিযুক্ত নারী পালিয়ে যাওয়ায় তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “ঘটনার বিষয়ে আমাদের কাছে কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা তথ্য আসেনি। পুলিশকে বিষয়টি জানানো হয়নি।”
স্থানীয় সচেতন মহল বলছে, বিদ্যালয়ের আশপাশে নজরদারি বৃদ্ধি এবং অপরিচিত ব্যক্তিদের চলাফেরার বিষয়ে সতর্কতা বাড়ানো জরুরি। একই সঙ্গে ঘটনাটি তদন্ত করে সত্যতা উদঘাটনের দাবি জানিয়েছেন তারা।