নবীগঞ্জে জমি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত, আহত অর্ধশতাধিক

নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকারি জমি দখল-বেদখল নিয়ে ভয়াবহ সংঘর্ষে একজন কলেজ ছাত্র নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হয়েছেন। এলাকায় বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামে দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এক পক্ষের নেতৃত্বে ছিলেন খলিলুর রহমান, যিনি ওই জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। অন্যদিকে একই গ্রামের মনিরুজ্জামান ও হেলাল মিয়ার লোকজন ওই জমি নিজেদের দাবি করে দখলের চেষ্টা চালিয়ে আসছিল।
রবিবার সকালে হেলাল ও মনিরুজ্জামানের নেতৃত্বে একটি দল দেশীয় অস্ত্র নিয়ে জমি দখল করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে চলা এই সংঘর্ষে অনেক মানুষ আহত হন।
এই সংঘর্ষে খলিলুর রহমানের ২৩ বছর বয়সী ছেলে মঞ্জুর মিয়া গুরুতর আহত হন। তাকে দ্রুত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মঞ্জুর মিয়া নবীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
এছাড়া আহতদের মধ্যে রয়েছেন সাফি মিয়া, মুজিবুর রহমান, শামিম মিয়া, মামুন মিয়া, জুনেদ মিয়া, রুহেল মিয়া, ইমন মিয়া, কাউছার মিয়া ও জুয়েল আহমেদসহ আরও অনেকে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতের বাবা খলিলুর রহমান বলেন, “আমরা প্রায় ৫০ বছর ধরে এই জমিতে বসবাস করছি। প্রতিপক্ষ আমাদের উচ্ছেদ করতে বারবার চেষ্টা করেছে। আজ তারা আমার ছেলেকে হত্যা করেছে।”
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের অভিযান চলছে।








