কোটালিপাড়ায় বৈশাখী মেলা ও ঘোড় দৌড় শুরু, লাটেঙ্গা মাঠে উৎসব

কোটালীপাড়া, (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালিপাড়ায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী কোটালিপাড়া বৈশাখী মেলা ও তিন দিনের ঘোড় দৌড় প্রতিযোগিতা কোটালিপাড়া। উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লাটেঙ্গা মাঠে মঙ্গলবার থেকে শুরু হওয়া এই মেলা ও প্রতিযোগিতাকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
মেলা উপলক্ষে লাটেঙ্গা মাঠে বসেছে শত শত দোকান। বিভিন্ন জেলা থেকে আসা ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে অংশ নিয়েছেন এই বৈশাখী মেলায়। এতে স্থানীয় ও আগত দর্শনার্থীদের কেনাকাটার পাশাপাশি বিনোদনেরও সুযোগ তৈরি হয়েছে। মেলা প্রাঙ্গণে শিশু থেকে শুরু করে নানা বয়সী মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
মেলার অন্যতম আকর্ষণ হচ্ছে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা, যা প্রথম ও দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা ঘোড়াগুলো প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। প্রতিযোগিতা দেখতে কোটালিপাড়া ছাড়াও মাদারীপুর, বরিশালসহ বিভিন্ন জেলা থেকে হাজারো মানুষ ভিড় করছেন লাটেঙ্গা মাঠে। মাঠের দুই পাশে দাঁড়িয়ে দর্শনার্থীরা করতালি ও উৎসাহের মাধ্যমে প্রতিযোগীদের অনুপ্রাণিত করছেন।
আয়োজক কমিটি জানিয়েছে, গ্রামীণ বাংলার ঐতিহ্য ধরে রাখার উদ্দেশ্যেই এই আয়োজন করা হয়েছে। তারা আরও বলেন, মেলায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে যাতে দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে উপভোগ করতে পারেন।
এই অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। কোটালিপাড়া বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, কোটালিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ এবং ভাঙ্গারহাট নৌ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইমদাদুল হক মেলার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
আয়োজকরা জানান, এই ঘোড় দৌড় প্রতিযোগিতা ও বৈশাখী মেলা আগামী বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত চলবে। স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং বিনোদনের মিলনমেলায় পরিণত হয়েছে পুরো এলাকা।








