মান্দায় বিদ্যালয়ে চুরি, লাখ টাকার মালামাল লুট

(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলায় একটি বিদ্যালয়ে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দুর্বৃত্তরা রাতের অন্ধকারে একাধিক কক্ষের তালা ভেঙে মূল্যবান ইলেকট্রনিক সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, চুরি হওয়া মালামালের মূল্য প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। ওই রাতে বিদ্যালয়ের নৈশপ্রহরী সাইফুল ইসলাম দায়িত্বে ছিলেন। তবে রাত আনুমানিক দেড়টার দিকে অসুস্থ বোধ করায় তিনি বাড়িতে চলে যান। এরপর বিদ্যালয়টি নিরাপত্তাহীন অবস্থায় পড়ে থাকে।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের নিরাপত্তাকর্মী মোফাজ্জল হোসেন স্কুলে এসে প্রধান শিক্ষক কক্ষ, সহকারী শিক্ষক কক্ষ এবং আইসিটি ল্যাবের তালা ভাঙা দেখতে পান। পরে বিষয়টি বিদ্যালয়ের শিক্ষকদের জানানো হয়।
খোঁজ নিয়ে দেখা যায়, প্রধান শিক্ষকের কক্ষ থেকে সিসিটিভি ক্যামেরার এলইডি মনিটর ও রিসিভার চুরি হয়েছে। এছাড়া আইসিটি ল্যাব থেকে একটি ৬২ ইঞ্চির স্মার্ট মনিটর ও একটি কম্পিউটার নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে।
নিরাপত্তাকর্মী মোফাজ্জল হোসেন বলেন, সকালে বিদ্যালয়ে এসে তালা ভাঙা অবস্থায় দেখতে পাই। পরে বিভিন্ন কক্ষে গিয়ে দেখি গুরুত্বপূর্ণ সরঞ্জাম নেই। সঙ্গে সঙ্গে শিক্ষকদের খবর দেওয়া হয়।
নৈশপ্রহরী সাইফুল ইসলাম জানান, রাতে হঠাৎ মাথাব্যথা ও জ্বর অনুভব করায় তিনি ওষুধ খেতে বাড়িতে যান। সকালে প্রধান শিক্ষকের ফোনে চুরির বিষয়টি জানতে পারেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদেশ আলী বলেন, এই ঘটনায় প্রতিষ্ঠানের অপূরণীয় ক্ষতি হয়েছে। প্রায় পৌনে ৩ লাখ টাকার সরঞ্জাম চুরি হয়েছে। ইতোমধ্যে মান্দা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও বিষয়টি জানানো হয়েছে।
মান্দা থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিদ্যালয়ের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।








