কোনাবাড়ী যুবদল নেতাকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ দায়ের

মোঃ আলমগীর হোসেন গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় এক যুবদল নেতাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী যুবদল নেতা কোনাবাড়ী থানায় লিখিত আবেদন করেছেন। অভিযোগটি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, কোনাবাড়ী এলাকার বাসিন্দা ও স্থানীয় রাজনৈতিক কর্মী মো. বিপ্লব খান দাবি করেন, একই এলাকার মো. আস-আমিন খান নামের এক ব্যক্তি কয়েকদিন ধরে ফেসবুকে তার ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট প্রকাশ করছেন। অভিযোগে বলা হয়েছে, “Gazipur Base” নামের একটি ফেসবুক আইডি থেকে নিয়মিতভাবে তার বিরুদ্ধে মানহানিকর তথ্য ছড়ানো হচ্ছে।
ভুক্তভোগীর দাবি, এসব পোস্টের কারণে তার সামাজিক ও রাজনৈতিক সম্মান ক্ষুণ্ন হচ্ছে। একই সঙ্গে এলাকায় বিভ্রান্তিকর পরিস্থিতিরও সৃষ্টি হয়েছে। তিনি অভিযোগ করেন, বিষয়টি জানার পর অভিযুক্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রথমদিকে তাকে পাওয়া যায়নি। পরে যোগাযোগ হলে অভিযুক্ত ব্যক্তি তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মো. বিপ্লব খান আরও জানান, ফেসবুকে অপপ্রচার চালানোর কারণে তিনি এবং তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে কোনাবাড়ী থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সূত্র বলছে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ব্যক্তিগত ও রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করার প্রবণতা দিন দিন বাড়ছে। বিশেষ করে ফেসবুকে অপপ্রচার ছড়িয়ে সামাজিক অস্থিরতা তৈরির অভিযোগ এখন প্রায়ই সামনে আসছে। সচেতন মহল বলছে, এ ধরনের কর্মকাণ্ড বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।
এ ঘটনায় এলাকায় রাজনৈতিক মহলেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।








