নবীগঞ্জের কাজলের বিরুদ্ধে ওসমানীনগরে ডিপটিউবয়েল প্রতারণা অভিযোগ

নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি
সিলেটের ওসমানীনগর উপজেলায় ডিপটিউবয়েল স্থাপনের নাম করে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে নবীগঞ্জ উপজেলার এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের বাংলাবাজার সুলতানপুর গ্রামের ছরুক আলীর পুত্র কাজল বলে জানা গেছে।
ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে কাজল নামের ওই ব্যক্তি দেশের বিভিন্ন এলাকায় সহজ-সরল মানুষকে টার্গেট করে কখনো ডিপটিউবয়েল, আবার কখনো সৌরবিদ্যুৎ স্থাপনের কথা বলে প্রতারণা করে আসছে। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ২৯ মে রাত আনুমানিক ৮টার দিকে পূর্ব পরিচয়ের সুযোগ নিয়ে তিনি ওসমানীনগর উপজেলার দয়ামীর চকের বাজার এলাকায় যান।
সেখানে বসবাসরত এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে তিনি সরকারি ডিপটিউবয়েল দেওয়ার আশ্বাস দেন এবং বিভিন্ন কাগজপত্র দেখিয়ে আস্থা অর্জনের চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে সরলতার সুযোগ নিয়ে তিনি বিকাশ ও নগদের মাধ্যমে মোট ৫০ হাজার টাকা গ্রহণ করেন।
টাকা নেওয়ার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি এলাকা থেকে গা-ঢাকা দেন বলে ভুক্তভোগীরা জানান। পরে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি আর সাড়া দেননি। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করলে তিনি হুমকি-ধামকি দেন বলেও অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীদের দাবি, অভিযুক্ত ব্যক্তি ভুয়া সরকারি ফরম তৈরি করে এবং বিভিন্ন কাগজপত্র দেখিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে টাকা হাতিয়ে নিচ্ছেন। এ ঘটনায় তারা নিজেদের নিরাপত্তা চেয়ে নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডির বিষয়টি জানাজানি হওয়ার পর অভিযুক্ত ব্যক্তি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে। বর্তমানে ভুক্তভোগীরা আইনগত সহায়তা ও অভিযুক্ত ব্যক্তির দ্রুত গ্রেপ্তার দাবি করেছেন।
স্থানীয়ভাবে এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং এলাকাবাসী প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।








