রাজশাহীতে বিজিবির অভিযানে ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা উদ্ধার

রাজশাহীতে বিজিবির অভিযানে উদ্ধার হওয়া ২৬টি প্রাচীন কষ্টিপাথরের মূর্তি এবং ১ হাজার ৮১৮টি প্রাচীন মুদ্রা বাংলাদেশ জাতীয় জাদুঘরে হস্তান্তর করা হয়েছে। দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণ এবং সীমান্ত এলাকায় প্রত্নসম্পদের অবৈধ পাচার বন্ধে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এসব প্রত্নসম্পদ হস্তান্তর করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ জাতীয় জাদুঘরের ‘ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা বিভাগ’-এর প্রতিনিধি দলের কাছে উদ্ধার হওয়া সামগ্রীগুলো বুঝিয়ে দেওয়া হয়।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, উদ্ধার করা প্রত্নসম্পদ গ্রহণের জন্য বাংলাদেশ জাতীয় জাদুঘর, ঢাকা থেকে চার সদস্যের একটি প্রতিনিধি দল রাজশাহী ব্যাটালিয়নে উপস্থিত হন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন জাতীয় জাদুঘরের পরিচালক মো. সাদেকুল ইসলাম এবং কীপার মোহাম্মদ মনিরুল হক।
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, পিএসসি, জি (আর্টিলারি) আনুষ্ঠানিকভাবে এসব প্রত্নসম্পদ হস্তান্তর করেন।
প্রাচীন কষ্টিপাথরের মূর্তি ও মুদ্রাগুলো দেশের ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচিত। এসব প্রত্নসম্পদের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব রয়েছে। তাই উদ্ধার করা সামগ্রী যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের মাধ্যমে সেগুলোর সংরক্ষণ ও গবেষণার সুযোগ তৈরি হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় জাতীয় সম্পদ ও প্রত্নসামগ্রীর অবৈধ পাচার এবং ধ্বংস ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে সীমান্ত দিয়ে চোরাচালান, মাদক, মানবপাচার ও অবৈধ অস্ত্রের বিস্তার রোধেও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, দেশের প্রত্নতাত্ত্বিক সম্পদ রক্ষায় ভবিষ্যতেও অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া প্রত্নসম্পদ জাতীয় জাদুঘরের মতো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের ফলে এসব ঐতিহাসিক নিদর্শন নিরাপদে সংরক্ষণ করা সম্ভব হবে।
রাজশাহীতে বিজিবির এই কার্যক্রমের মাধ্যমে একদিকে যেমন সীমান্তে চোরাচালান প্রতিরোধের বিষয়টি সামনে এসেছে, অন্যদিকে দেশের প্রাচীন ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার গুরুত্বও উঠে এসেছে। উদ্ধার করা ২৬টি মূর্তি ও ১ হাজার ৮১৮টি মুদ্রা এখন যথাযথ সংরক্ষণ ও পরবর্তী গবেষণার আওতায় আসবে।
মোঃ সোহেল রানা, রাজশাহী প্রতিনিধি







