ঠাকুরগাঁও কনস্টেবল নিয়োগে স্বচ্ছতার বার্তা

ঠাকুরগাঁওয়ে জেলা পুলিশের উদ্যোগে কনস্টেবল নিয়োগ ২০২৬ উপলক্ষে একটি জন-সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকাল ১২টায় পীরগঞ্জ পৌর মিলনায়তনে আয়োজিত এই সভায় চাকরিপ্রত্যাশী ও তাদের অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
বাংলাদেশ পুলিশ, ঠাকুরগাঁও জেলা আয়োজিত এই সভার মূল উদ্দেশ্য ছিল টিআরসি নিয়োগ ২০২৬ সম্পর্কে সঠিক তথ্য প্রদান এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে জনসচেতনতা বৃদ্ধি করা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেন।
সভায় বক্তব্য দিতে গিয়ে পুলিশ সুপার বলেন, “ঠাকুরগাঁও জেলা পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখা হবে।” তিনি আরও জানান, নিয়োগে কোনো ধরনের তদবির, ঘুষ বা স্বজনপ্রীতির সুযোগ থাকবে না। প্রশ্ন ফাঁস প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
এই জন-সচেতনতামূলক সভায় কনস্টেবল পদে আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা সরাসরি অংশগ্রহণ করেন। তারা নিয়োগ প্রক্রিয়া, শারীরিক ও লিখিত পরীক্ষার ধাপ, প্রয়োজনীয় যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। এতে করে প্রার্থীরা সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার সুযোগ পাচ্ছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. আব্দুল হাই সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (শিক্ষানবিশ) ইফতেখার এবং পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম (তদন্ত)সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।
সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে পুলিশে চাকরি পাওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রার্থীদের কোনো দালাল বা প্রতারকের কাছে না যাওয়ার জন্য সতর্ক করা হয়। সরাসরি আবেদন প্রক্রিয়া অনুসরণ করার জন্যও নির্দেশনা দেওয়া হয়।
এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বেশি প্রার্থীদের সঠিক পথে পরিচালিত করবে এবং ঠাকুরগাঁও জেলা পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়াকে আরও গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য করে তুলবে বলে আশা করা হচ্ছে।








