পাবনায় শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মান পেলেন আশাদুর রহমান

আব্দুল্লাহ আল মামুন পিয়াস স্টাফ রিপোর্টার
পাবনা জেলার ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশাদুর রহমান জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি ও সম্মাননা অর্জন করেছেন। অপরাধ নিয়ন্ত্রণ, মামলা তদন্ত, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনি এই মর্যাদাপূর্ণ সম্মাননা লাভ করেন।
গত ১৮ জুন দুপুরে পাবনা পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ তাঁর নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা ক্রেস্ট ওসি আশাদুর রহমানের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঈশ্বরদী থানা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং বিভিন্ন অপরাধ দমনে ওসি আশাদুর রহমানের নেতৃত্বে পুলিশের কার্যক্রম উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে। বিশেষ করে নিয়মিত অভিযান, দ্রুত মামলা নিষ্পত্তি এবং অপরাধীদের গ্রেফতারে তার কার্যকর ভূমিকা প্রশংসিত হয়।
সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় মোঃ আশাদুর রহমান বলেন, এই অর্জন শুধু তার একার নয়, বরং ঈশ্বরদী থানার সকল পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি বলেন, জনগণের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও উন্নত ও সেবামূলক পুলিশিং ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করাই তার প্রধান লক্ষ্য। এজন্য তিনি ভবিষ্যতেও নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এদিকে, তার এই অর্জনে স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে ঈশ্বরদী থানা এলাকায় অপরাধ পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে আসবে এবং জনগণ আরও নিরাপদ পরিবেশে বসবাস করতে পারবে।








