ফরিদপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বনওয়ারীনগর স্কুল

পাবনার ফরিদপুর উপজেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে “ফরিদপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬”। উপজেলার মাধ্যমিক স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে সচেতনতা, যুক্তিবোধ এবং দুর্নীতিবিরোধী মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
“জবাবদিহিমূলক সরকার ব্যবস্থাই পারে দুর্নীতি দমন ও প্রতিরোধ করতে” শীর্ষক বিষয়ের ওপর এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, ফরিদপুর, পাবনা। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ফরিদপুর উপজেলা পরিষদ হলরুমে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফয়েজ উদ্দিন মৃধা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিকুজ্জামান এবং ফরিদপুর প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আব্দুল হাফিজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইমামা বানিন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে নতুন প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
“মাধ্যমিক স্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০২৬”-এ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৬টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা তথ্যভিত্তিক বক্তব্য, যুক্তি ও উপস্থাপনার মাধ্যমে প্রাণবন্ত বিতর্ক উপস্থাপন করে। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার মধ্য দিয়ে বনওয়ারীনগর সরকারি সি.বি পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে আফজাল নজরুল স্কুল অ্যান্ড কলেজ রানারআপ হয়।
প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন। পরে সভাপতি সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
স্থানীয় শিক্ষাবিদ ও অভিভাবকরা মনে করেন, এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা বিকাশ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতির বিরুদ্ধে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।








