ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল মাদক ও সিরাপ উদ্ধার

মাহবুব হোসেন মেজর দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে আবারও সফল বিজিবির মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট এবং যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামানের দিকনির্দেশনায় বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পণ্য উদ্ধার করা হয়েছে।
গত ১৫ জুন কাটলা বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৭১৮ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ করেন। উদ্ধারকৃত সিরাপের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৭ হাজার ৭০০ টাকা।
এছাড়া ১৪ জুন দাইনুর বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা পৃথক অভিযানে ৩৬০ বোতল যৌন উত্তেজক সিরাপ আটক করেন। যার সিজার মূল্য প্রায় ৫৪ হাজার টাকা।
অন্যদিকে, ১৩ জুন মনিপুর ও খাঁনপুর ক্যাম্প এলাকায় পরিচালিত অভিযানে ২ হাজার ৯৬০ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ট্যাবলেটের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৪৬ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। স্থানীয়দের মতে, ফুলবাড়ী সীমান্তে বিজিবির তৎপরতা বৃদ্ধি পাওয়ায় মাদক পাচারকারীরা চাপে রয়েছে। ফলে সীমান্তপথে অবৈধ মাদক প্রবেশ ও পাচারের ঘটনা অনেকাংশে নিয়ন্ত্রণে আসছে।
এ বিষয়ে ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, “মাদক নির্মূল না হওয়া পর্যন্ত বিজিবির মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতেও মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় পুশ-ইন প্রতিরোধে বিজিবি ও নিজস্ব গোয়েন্দা সদস্যদের টহল এবং নজরদারি আরও জোরদার করা হয়েছে।”
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বিজিবির চলমান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।








