রাজশাহী উন্নয়ন ও সবুজ নগর গঠনে রাসিকের উদ্যোগ জোরদার

রাজশাহীকে আধুনিক, পরিচ্ছন্ন এবং সবুজ নগরীতে রূপান্তর করতে নানা উন্নয়ন কার্যক্রম জোরদারভাবে চালিয়ে যাচ্ছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। নাগরিক সেবার মান বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করাই বর্তমানে প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
মঙ্গলবার (১২ মে) বিকেলে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, রাজশাহীর উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়, বরং একটি স্বাস্থ্যকর, সবুজ ও বাসযোগ্য নগর গড়ে তোলাই মূল উদ্দেশ্য।
সভায় রাসিক প্রশাসক জানান, নগর সৌন্দর্য বৃদ্ধিতে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আগামী বর্ষা মৌসুমে প্রায় তিন লক্ষাধিক গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সড়ক ও উন্মুক্ত স্থানে নিয়মিত গাছের পরিচর্যা এবং পানি সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।
তিনি আরও বলেন, ঈদুল আজহা উপলক্ষে নগরবাসীর জন্য পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ করা হবে, যাতে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ করে শহর পরিচ্ছন্ন রাখা যায়। জলাবদ্ধতা নিরসনে নিয়মিত ড্রেন পরিষ্কার কার্যক্রম চলছে এবং মশক নিধনে ফগার স্প্রে কার্যক্রম অব্যাহত রয়েছে।
রাসিক প্রশাসক আরও জানান, রাস্তার খানাখন্দ চিহ্নিত করে দ্রুত সংস্কারের কাজ চলছে। একই সঙ্গে নতুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নগরীর অবকাঠামো উন্নয়নেও কাজ করা হচ্ছে।
স্বাস্থ্যখাতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের কথা উল্লেখ করে তিনি বলেন, জনসচেতনতা বৃদ্ধির ফলে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে।
সভায় বরেন্দ্র প্রেসক্লাবের নেতারা বলেন, পরিকল্পিত উদ্যোগ ও সমন্বিত উন্নয়নের মাধ্যমে রাজশাহীকে দেশের অন্যতম আধুনিক ও নান্দনিক শহরে রূপান্তর করা সম্ভব। তারা রাসিকের উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।
সভায় উপস্থিত ছিলেন বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।








