তিস্তা ব্যারাজ পরিদর্শনে তিন মন্ত্রী, আশায় নদীপাড়ের মানুষ

রিয়াজুল হক সাগর, রংপুর।
উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ এবং নদীভাঙন সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেছেন বর্তমান সরকারের তিন শীর্ষ নীতি-নির্ধারক। শুক্রবার (১৯ জুন) দুপুরে রংপুর বিভাগের গুরুত্বপূর্ণ এই স্থাপনায় পৌঁছান পানি সম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।
সরকারি সফরসূচি অনুযায়ী, মন্ত্রী ও প্রতিমন্ত্রী ব্যারাজের বিভিন্ন অংশ এবং আশপাশের ঝুঁকিপূর্ণ এলাকা ঘুরে দেখেন। পরে তারা তিস্তা অবসর হলরুমে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় তিস্তা মহাপরিকল্পনা, নদীভাঙন নিয়ন্ত্রণ, বন্যা ব্যবস্থাপনা, নদীশাসন এবং চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা তিস্তা অববাহিকার বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে মন্ত্রীদের কাছে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন।
স্থানীয় বাসিন্দাদের মতে, তিস্তা নদীর ভাঙন প্রতিবছর হাজারো পরিবারকে ক্ষতিগ্রস্ত করে। বর্ষা মৌসুম এলেই নদীগর্ভে বিলীন হয় বসতভিটা, কৃষিজমি এবং বিভিন্ন অবকাঠামো। ফলে এলাকার মানুষ দীর্ঘদিন ধরে কার্যকর নদীশাসন এবং স্থায়ী সমাধানের দাবি জানিয়ে আসছেন।
তাদের আশা, সরকারের এই উচ্চপর্যায়ের সফর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের গতি আরও বাড়াবে। একই সঙ্গে নদীভাঙন প্রতিরোধ, সেচ সুবিধা সম্প্রসারণ এবং বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। বিশেষজ্ঞদের মতে, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের কৃষি, পরিবেশ এবং অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।
স্থানীয়দের বিশ্বাস, তিস্তা ব্যারাজ কেন্দ্রিক উন্নয়ন কার্যক্রম জোরদার হলে নদীপাড়ের মানুষের জীবনমান উন্নত হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ অনেকাংশে কমে আসবে। সরকারের এই উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন এবং দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন।








