বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের মৃত্যুতে আটোয়ারীতে শোক

মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইদুর রহমান আর নেই। গতকাল দুপুরে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন আগে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর থেকে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (লাইফ সাপোর্ট) রাখা হয়। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
মোঃ সাইদুর রহমান দীর্ঘদিন ধরে বলরামপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন একজন সৎ, নির্লোভ এবং জনবান্ধব জনপ্রতিনিধি। স্থানীয়দের মতে, তিনি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়াতেন এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
এলাকাবাসী জানান, তিনি ছিলেন অত্যন্ত নম্র ও ভদ্র স্বভাবের মানুষ। ব্যক্তিগত জীবনে তিনি খুবই সাধারণ জীবনযাপন করতেন এবং সবার সাথে সদাচরণ করতেন। তাঁর অবদান এলাকার মানুষ দীর্ঘদিন মনে রাখবে।
পারিবারিকভাবে তিনি দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। বড় ছেলে বকুল সকলের কাছে দোয়া চেয়েছেন এবং বাবার জানাজায় অংশগ্রহণের জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন।
মরহুমের জানাজা নামাজ আজ সকাল ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।
স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও মুক্তিযোদ্ধা সংগঠনগুলো তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।








