মীরসরাই সড়ক দুর্ঘটনায় আহত যুবক সিদ্দিকুর রহমানের পরিবার বিপর্যস্ত

চট্টগ্রামের মীরসরাই উপজেলার শিল্পাঞ্চল এলাকায় ঘটে যাওয়া একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত যুবক সিদ্দিকুর রহমান (৩৫)-এর চিকিৎসা ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে তাঁর পরিবার। দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। এতে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৯ মে ২০২৬, শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে মীরসরাই থানার শিল্প জোনের সিপি এলাকায় একটি ড্রাম ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন সিদ্দিকুর রহমান। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে মস্তাননগর উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) রেফার করেন।
বর্তমানে তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানান, তার শারীরিক অবস্থার উন্নতি ধীরে ধীরে হলেও এখনো ঝুঁকি পুরোপুরি কেটে যায়নি। দীর্ঘমেয়াদি চিকিৎসা, ওষুধপত্র, পরীক্ষা-নিরীক্ষা এবং হাসপাতালে অবস্থানের খরচ প্রতিদিন বাড়ছে, যা পরিবারটির পক্ষে বহন করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
সিদ্দিকুর রহমানের বাবা মো. আবু তাহের একজন মসজিদের মুয়াজ্জিন। সীমিত আয়ে সংসার চালানোর পাশাপাশি ছেলের এই ব্যয়বহুল চিকিৎসা খরচ চালাতে গিয়ে তিনি আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। পরিবারটি জানিয়েছে, ইতোমধ্যে সঞ্চয় শেষ হয়ে গেছে এবং ধারদেনা করেও চিকিৎসা অব্যাহত রাখা কঠিন হয়ে পড়ছে।
আহত যুবকের বাড়ি চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৫ নম্বর ওচমানপুর ইউনিয়নের পূর্ব বাঁশখালী এলাকার আজমপুর গ্রামের আবুল বশর মাস্টার বাড়িতে। পরিবারের সদস্যরা সমাজের বিত্তবান ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধি ও মানবিক সংগঠনগুলোর কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
তাঁরা আরও জানান, সিদ্দিকুর রহমানের সুস্থতার জন্য অব্যাহত চিকিৎসা অত্যন্ত জরুরি। অর্থসংকট না কাটলে চিকিৎসা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে তাঁরা সবার কাছে দোয়া কামনা করেছেন, যেন দ্রুত তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।








