আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেন থামানোর দাবিতে যাত্রীদের দুর্ভোগ

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।
নওগাঁ জেলার আত্রাই উপজেলার গুরুত্বপূর্ণ আহসানগঞ্জ রেল স্টেশনে সব ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করার দাবি ক্রমেই জোরালো হচ্ছে। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের লাখো মানুষের অন্যতম প্রধান যাতায়াত মাধ্যম হলেও অধিকাংশ আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি না থাকায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
জানা গেছে, নওগাঁ জেলার আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেল স্টেশনটি ভৌগোলিক অবস্থানের কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টেশনটির আশপাশে নওগাঁর রাণীনগর, রাজশাহীর বাগমারা, নাটোরের নলডাঙ্গা ও সিংড়া এবং বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিপুলসংখ্যক মানুষ বসবাস করেন। এসব এলাকার যাত্রীদের ঢাকা যাতায়াতের জন্য সবচেয়ে সুবিধাজনক রেলস্টেশন হলো আহসানগঞ্জ রেল স্টেশন।
বর্তমানে প্রতিদিন নয়টি ঢাকাগামী আন্তঃনগর ট্রেন এই স্টেশনের ওপর দিয়ে চলাচল করলেও মাত্র দুটি ট্রেন—নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেস—এখানে যাত্রাবিরতি দেয়। বাকি ট্রেনগুলো, যেমন চিলাহাটি এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও বুড়িমারী এক্সপ্রেসের কোনো যাত্রাবিরতি নেই।
স্থানীয় যাত্রীদের অভিযোগ, মাত্র দুটি ট্রেনে বিপুলসংখ্যক যাত্রীর চাপ সামলানো সম্ভব হচ্ছে না। ফলে অনেক সময় টিকিট পাওয়া যায় না। জরুরি প্রয়োজনে ঢাকা যেতে হলে অনেক যাত্রীকে দাঁড়িয়ে দীর্ঘ সময় ভ্রমণ করতে হয়। এতে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন।
স্থানীয় যাত্রী খোরশেদ আলম, ইলিয়াছ আহমেদ, মীম, দীনা, মৌ, তিথি, সুমি, পারভেজ গান্ধাভী, নিয়ামত আলী বাবু ও আল আমিন মিলন জানান, ঢাকা যাতায়াতের জন্য ট্রেন সবচেয়ে নিরাপদ ও সাশ্রয়ী মাধ্যম। কিন্তু ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি সীমিত থাকায় নিয়মিত সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। তারা দ্রুত অন্যান্য ট্রেনেরও যাত্রাবিরতি চালুর দাবি জানান।
স্টেশন সূত্রে জানা যায়, আহসানগঞ্জ রেল স্টেশন থেকে প্রতি মাসে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আয় হয়। আশপাশের অনেক স্টেশনের তুলনায় এখানকার যাত্রীসংখ্যা ও আয় বেশি হওয়ায় ট্রেনের যাত্রাবিরতি বাড়ানোর যৌক্তিকতা রয়েছে।
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম রেজু বলেন, আহসানগঞ্জ স্টেশনটি উত্তরাঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানও বিষয়টির গুরুত্ব তুলে ধরে বলেন, জনস্বার্থ বিবেচনায় এলাকাবাসীর দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে হাজারো মানুষের যাতায়াত সহজ হবে।
স্থানীয় বাসিন্দাদের মতে, যাত্রীসংখ্যা, ভৌগোলিক গুরুত্ব এবং রাজস্ব আয়ের দিক থেকে আহসানগঞ্জ রেল স্টেশনে সব ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি সময়ের দাবি। এতে শুধু আত্রাই নয়, আশপাশের একাধিক উপজেলার মানুষ সরাসরি উপকৃত হবেন এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।








