পাথারিয়া নির্বাচন: তৃতীয়বার চেয়ারম্যান হতে চান আমিনুর রশিদ আমিন

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পাথারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা ও নির্বাচনী তৎপরতা। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের দৌড়ঝাঁপ, গণসংযোগ এবং স্থানীয় পর্যায়ে রাজনৈতিক হিসাব-নিকাশে সরগরম হয়ে উঠেছে ইউনিয়নের বিভিন্ন এলাকা। আসন্ন পাথারিয়া ইউপি নির্বাচন ঘিরে সাধারণ ভোটারদের মধ্যে বাড়ছে আগ্রহ। কে হচ্ছেন আগামী দিনের পাথারিয়া ইউনিয়নের কান্ডারি, তা নিয়ে চলছে নানা আলোচনা।
এবারের নির্বাচনী আলোচনায় বিশেষ গুরুত্ব পাচ্ছেন সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ও পাথারিয়া ইউনিয়ন পরিষদের টানা দুইবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন। তিনি আবারও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আমিনুর রশিদ আমিন এর আগে টানা দুই মেয়াদে পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের পাশে থাকার বিষয়টি তুলে ধরে তিনি আবারও জনসমর্থন প্রত্যাশা করছেন।
দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং স্থানীয় পর্যায়ে সাংগঠনিক অবস্থানের কারণে পাথারিয়া ইউনিয়নের নির্বাচনী আলোচনায় তার নাম গুরুত্বের সঙ্গে উঠে আসছে। বিশেষ করে অতীতে যারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, তাদের সমর্থন ধরে রাখাই এবার তার অন্যতম লক্ষ্য বলে মনে করছেন স্থানীয়রা।
এদিকে ইউনিয়নের কিছু অসমাপ্ত উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার প্রত্যাশার কথা জানিয়েছেন আমিনুর রশিদ আমিন। সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীদের আগ্রহের বিষয়টি সামনে রেখে তিনি তৃতীয়বারের মতো চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন।
জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় এই নেতা আসন্ন নির্বাচনে দলের সমর্থন প্রত্যাশা করছেন। দলীয় সমর্থন পেলে জনগণের সমর্থন নিয়ে নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে তিনি আশাবাদী।
নিজের প্রার্থিতা ও দলীয় সমর্থন প্রসঙ্গে আমিনুর রশিদ আমিন বলেন, ‘আমি সারাজীবন পাথারিয়া ইউনিয়নের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। অতীতে যখনই দায়িত্ব পেয়েছি, সততা ও নিষ্ঠার সঙ্গে এলাকার উন্নয়ন এবং জনগণের সেবা করার চেষ্টা করেছি।’
তিনি আরও বলেন, ‘পাথারিয়া ইউনিয়নের আপামর জনতা আমাকে অতীতে যেভাবে ভালোবেসে টানা দুইবার সেবা করার সুযোগ দিয়েছেন, ইনশাআল্লাহ এবারও দলীয় সমর্থন ও জনগণের রায়ে বিজয়ী হয়ে এলাকার বাকি উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন করতে চাই। আমি বিশ্বাস করি, জনরায় এবং দলীয় সমর্থন নিয়ে পাথারিয়ার মাটি ও মানুষের সেবা করার সুযোগ আমি আবারও পাব।’
অন্যদিকে, আমিনুর রশিদ আমিনের সম্ভাব্য প্রার্থিতা ঘিরে স্থানীয় অন্যান্য প্রার্থীদের মধ্যেও শুরু হয়েছে নির্বাচনী হিসাব-নিকাশ। তার বিপরীতে কারা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা নিয়েও চলছে আলোচনা। তবে এখন পর্যন্ত সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের চূড়ান্ত অবস্থান স্পষ্ট নয়।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের তফশিল ঘোষণা এবং ভোটের দিনক্ষণ নির্ধারণের পর পাথারিয়া ইউনিয়নের নির্বাচনী পরিস্থিতি আরও পরিষ্কার হবে। তখন সম্ভাব্য প্রার্থীদের অবস্থান, দলীয় সমর্থন এবং ভোটারদের মনোভাব নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সব মিলিয়ে পাথারিয়া ইউপি নির্বাচন ঘিরে আমিনুর রশিদ আমিনের সম্ভাব্য প্রার্থিতা স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তবে শেষ পর্যন্ত তিনি দলীয় সমর্থন পান কি না এবং ভোটাররা তাকে তৃতীয়বারের মতো চেয়ারম্যান হিসেবে বেছে নেন কি না, সেটিই এখন দেখার বিষয়।
প্রতিবেদক: মোঃ রেজাউল করিম, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ।







