চট্টগ্রামে বসতঘর থেকে ১২ ফুট বার্মিজ অজগর উদ্ধার ও অবমুক্ত

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এক বসতঘর থেকে প্রায় ১২ ফুট লম্বা একটি বিশাল বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি করে। পরে উদ্ধার করা সাপটিকে নিরাপদে প্রাকৃতিক বনে অবমুক্ত করা হয়।
রোববার (৩১ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের নুর বক্স কন্ট্রাক্টরের বাড়ির একটি লাকড়ি রাখার ঘর থেকে স্থানীয়রা প্রথম সাপটি দেখতে পান। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ জড়ো হন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সদস্যরা রান্নার কাজে লাকড়ি আনতে গেলে হঠাৎ করে বিশাল আকৃতির অজগরটি দেখতে পান। এতে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা দ্রুত বিষয়টি স্থানীয়দের জানালে পুরো এলাকা সতর্ক হয়ে ওঠে।
খবর পেয়ে ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ এর সদস্য আমির হোসাইন শাওন ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে নিরাপদভাবে উদ্ধার করেন। তিনি জানান, এটি একটি বার্মিজ অজগর (Python bivittatus)। সাপটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন প্রায় ১২ কেজি।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যের সন্ধানে অজগরটি লোকালয়ে প্রবেশ করে এবং পরে লাকড়ির ঘরে আশ্রয় নেয়। উদ্ধারকালে সাপটি সুস্থ অবস্থায় ছিল।
উদ্ধারের পর প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও পর্যবেক্ষণ শেষে সাপটিকে নিরাপদ পাহাড়ি বনাঞ্চলে অবমুক্ত করা হয়, যাতে এটি স্বাভাবিক পরিবেশে ফিরে যেতে পারে।
বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, বনাঞ্চল সংকুচিত হওয়া, খাদ্য সংকট এবং মানুষের বসতবাড়িতে বন্যপ্রাণীর প্রবেশের ঘটনা দিন দিন বাড়ছে। বিশেষ করে চট্টগ্রাম অজগর উদ্ধার এর মতো ঘটনা প্রমাণ করে যে বন্যপ্রাণী ও মানুষের বসতির মধ্যে দূরত্ব কমে যাচ্ছে।
তারা আরও পরামর্শ দেন, এ ধরনের পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে দ্রুত বন বিভাগ বা প্রশিক্ষিত উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করা উচিত। এতে মানুষ ও প্রাণী উভয়ই নিরাপদ থাকে।








