গৌরীপুরে শিক্ষার মানোন্নয়নে শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ে মতবিনিময়

মো: কামরান হোসেন, গৌরীপুর প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ঐতিহ্যবাহী শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার সার্বিক মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং পরীক্ষায় পাসের হার বাড়ানোর লক্ষ্যে শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, পাঠদানের মান, শিক্ষার্থীদের উপস্থিতি এবং পরীক্ষার ফলাফল উন্নত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. নুর হাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আনিসুজ্জামান বিপুল। এ সময় সহকারী প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের সব শিক্ষক উপস্থিত ছিলেন।
সভায় শিক্ষার মান আরও উন্নত করার জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবক সমাবেশ আয়োজন এবং দীর্ঘদিন অনুপস্থিত শিক্ষার্থীদের বিষয়ে খোঁজ নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
আলোচনায় নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার ফরম পূরণের ক্ষেত্রে বিদ্যালয়ের নিয়ম ও শিক্ষার মান বজায় রাখার বিষয়েও মতামত দেওয়া হয়। একই সঙ্গে শ্রেণিকক্ষে পাঠদানে বৈচিত্র্য আনা এবং নিয়মিত সাপ্তাহিক মূল্যায়ন চালু রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
শিক্ষায় পিছিয়ে থাকা শিক্ষার্থীদের আলাদাভাবে চিহ্নিত করে তাদের জন্য অতিরিক্ত বা রেমিডিয়াল ক্লাসের ব্যবস্থা করার প্রস্তাবও দেওয়া হয়। এতে দুর্বল শিক্ষার্থীরা পাঠের ঘাটতি পূরণের সুযোগ পাবে বলে সভায় মত প্রকাশ করা হয়।
গৌরীপুরে শিক্ষার মানোন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর করতে শিক্ষার্থীদের জন্য আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়। এ জন্য খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেয়ালিকা প্রকাশের মতো সহশিক্ষা কার্যক্রম বাড়ানোর পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি প্রযুক্তির সঠিক ব্যবহার করে পাঠদানকে আরও সহজ, আকর্ষণীয় ও শিক্ষার্থীবান্ধব করার বিষয়েও আলোচনা হয়।
সভায় বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক মাকছুদুল আলম, সিনিয়র শিক্ষক রেজাউল কবীর, হারুন অর রশিদ, গোবিন্দ বণিক, ফখরুল ইসলাম, সানজিদা তালুকদারসহ অন্য শিক্ষকরা। তারা বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে নিজেদের মতামত তুলে ধরেন।
প্রধান অতিথি অ্যাডভোকেট মো. নুর হাদী বলেন, শিক্ষার মূল কারিগর শিক্ষকরা। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে ম্যানেজিং কমিটি প্রয়োজনীয় সহযোগিতা করবে। তবে শ্রেণিকক্ষে মানসম্মত পাঠদান নিশ্চিত করার প্রধান দায়িত্ব শিক্ষকদের। শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়কে গৌরীপুর উপজেলার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্য নিয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, সভাপতির দিকনির্দেশনা শিক্ষকদের কর্মস্পৃহা আরও বাড়িয়েছে। বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখা এবং শিক্ষার মান উন্নত করতে সব শিক্ষক সম্মিলিতভাবে কাজ করবেন।
এর আগে প্রধান শিক্ষকের কার্যালয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও শিক্ষার পরিবেশ নিয়ে আলোচনা করা হয়।
শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, ম্যানেজিং কমিটি, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার আশাবাদ ব্যক্ত করার মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘটে।








