রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ

মোঃ সোহেল রানা, রাজশাহী:
রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। অভিযানে ১৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স এবং ৪৮টি ভারতীয় Vigore যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাচালানী মালামাল, মাদকদ্রব্য এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করেছে। মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা নিয়মিত অভিযান পরিচালনা করছেন।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীন ইউসুফপুর বিওপির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
বিজিবি জানতে পারে, চারঘাট থানার পল্টন কলাবাগান এলাকার নদীর পাশ দিয়ে চোরাকারবারীদের একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। তথ্য পাওয়ার পর বিজিবির আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদীর পাশে কলাবাগানের মধ্যে অবস্থান নেয়। পরে চোরাচালান প্রতিরোধে তারা দীর্ঘ সময় ধরে সেখানে ওত পেতে থাকে।
একপর্যায়ে বিজিবি সদস্যরা দেখতে পান, কাঁধে ব্যাগ নিয়ে দুই ব্যক্তি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে নদী পাড় হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে। বিজিবির সদস্যরা তাদের আটক করার জন্য ধাওয়া করলে তারা সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে বিজিবির আভিযানিক দল ব্যাগটি তল্লাশি করে। তল্লাশির সময় ব্যাগের ভেতর থেকে ১৫,০০০ পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স এবং ৪৮টি ভারতীয় Vigore যৌন উত্তেজক ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধার হওয়া মালামালের কোনো মালিক পাওয়া যায়নি।
জব্দ করা মালামাল পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য শুল্ক গুদাম, রাজশাহীতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এদিকে, রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানের পর চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। পলাতক দুই ব্যক্তির পরিচয় শনাক্ত এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বিজিবি কাজ করছে।
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।








