ঠাকুরগাঁওয়ে চালু হলো ই-বেইল বন্ড, দ্রুত কারামুক্তির সুযোগ

রহমত আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে চালু হয়েছে অনলাইন ই-বেইল বন্ড (e-Bail Bond) সেবা। আদালত থেকে জামিনের আদেশ পাওয়ার পর আসামিদের দ্রুত কারাগার থেকে মুক্তির প্রক্রিয়া সহজ করতেই এই ডিজিটাল সেবা চালু করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই ব্যবস্থার ফলে জামিন সংক্রান্ত কার্যক্রম আরও দ্রুত, সহজ ও স্বচ্ছ হবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ই-বেইল বন্ড কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সচিবালয় থেকে ঠাকুরগাঁওসহ দেশের ১২টি জেলায় একযোগে ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
নতুন এই অনলাইন সেবার মাধ্যমে আদালত থেকে জামিনের আদেশ দেওয়ার পর বেইল বন্ড দাখিল এবং প্রয়োজনীয় নথিপত্র আদান-প্রদানের ক্ষেত্রে সময় কমবে। ফলে জামিনপ্রাপ্ত ব্যক্তির কারাগার থেকে মুক্তির প্রক্রিয়াও আগের তুলনায় দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।
সংশ্লিষ্টদের মতে, প্রচলিত ব্যবস্থায় জামিনের আদেশ পাওয়ার পর বিভিন্ন নথি প্রস্তুত ও আদান-প্রদানের কারণে অনেক সময় অতিবাহিত হয়। ই-বেইল বন্ড চালুর ফলে এসব কাজ অনলাইনে সম্পন্ন করার সুযোগ তৈরি হয়েছে। এতে সময় ও প্রশাসনিক জটিলতা কমবে।
এ ছাড়া ডিজিটাল ব্যবস্থার কারণে জামিন সংক্রান্ত নথিপত্র ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়বে বলে আশা করা হচ্ছে। বিচারপ্রার্থীদের দীর্ঘ অপেক্ষা এবং ভোগান্তিও কমতে পারে।
সংশ্লিষ্টরা আরও জানান, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ বিচার বিভাগের সেবা আরও আধুনিক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে জামিন পাওয়ার পর দ্রুত মুক্তির সুযোগ তৈরি হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তি ও পরিবারের সদস্যদের জন্য এটি স্বস্তিদায়ক হবে।
ঠাকুরগাঁওয়ে ই-বেইল বন্ড সেবা চালুর মাধ্যমে বিচারপ্রক্রিয়ায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার আরও এক ধাপ এগিয়ে গেল। ভবিষ্যতে এই ধরনের প্রযুক্তিনির্ভর সেবা বিচারপ্রার্থীদের সময় ও ভোগান্তি আরও কমাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।








