নবীগঞ্জে বাংলাদেশ স্কাউট ডে ক্যাম্প সফলভাবে সম্পন্ন

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় বাংলাদেশ স্কাউট ডে ক্যাম্প ২০২৬ অত্যন্ত ঝাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউট নবীগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত এ দিনব্যাপী ক্যাম্প অনুষ্ঠিত হয় হিরামিয়া গার্লস হাই স্কুলের সহ-সভাপতি প্রাঙ্গণে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক স্কাউট সদস্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।
দিনব্যাপী এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন ও সমাপনী ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউট নবীগঞ্জ উপজেলার সভাপতি মো. রুহুল আমিন। তিনি বলেন, স্কাউটিং শুধু সহশিক্ষা কার্যক্রম নয়, এটি শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব, মানবিক মূল্যবোধ এবং দেশপ্রেম গঠনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি শিক্ষার্থীদের নিয়মিত স্কাউট কার্যক্রমে অংশগ্রহণ করে নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রিপন চন্দ্র সরকার, উপজেলা পজীপ কর্মকর্তা শাকিল আহমেদ এবং হবিগঞ্জ জেলা স্কাউটসের সম্মানিত কমিশনারসহ অন্যান্য ব্যক্তিবর্গ। এছাড়া উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষক, প্রধান শিক্ষক এবং স্কাউট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Bangladesh Scouts এর আওতাধীন এই ক্যাম্পে নবীগঞ্জ উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৪৭ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীরা স্কাউটিংয়ের বিভিন্ন বিষয়ভিত্তিক কার্যক্রম, দলীয় অনুশীলন, নেতৃত্ব বিকাশ, শৃঙ্খলা, সেবামূলক মনোভাব এবং নৈতিক শিক্ষার ওপর হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন যে, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের নিয়মিত স্কাউট চর্চায় আরও উৎসাহিত করবে এবং তাদের দক্ষ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।
বাংলাদেশ স্কাউট নবীগঞ্জ উপজেলা কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতেও শিক্ষার্থীদের চরিত্র গঠন, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ স্থানীয় শিক্ষানুরাগীরা উপস্থিত ছিলেন, যা পুরো আয়োজনকে আরও সমৃদ্ধ করে তোলে।








