ফরিদপুরের শ্রেষ্ঠ ওসি বাবলুর রহমান খান

ফরিদপুর জেলার সালথা থানার ওসি মোঃ বাবলুর রহমান খান জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন। এই স্বীকৃতি তার পেশাগত দক্ষতা, সততা এবং এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানকে সম্মান জানিয়ে প্রদান করা হয়েছে।
রবিবার (২৯ মার্চ) সকালে ফরিদপুর পুলিশ লাইন্সের শহীদ ছালাম সভা কক্ষে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তাকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম (পিপিএম) বাবলুর রহমান খানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ শামসুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলামসহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা।
পুলিশ সূত্রে জানা গেছে, বাবলুর রহমান খানের নির্বাচন জেলার বিভিন্ন শ্রেণীর মানুষকে সন্তুষ্ট করেছে। তিনি সততা, কর্মদক্ষতা এবং জনগণের প্রতি ন্যায়পরায়ণতার জন্য বিশেষভাবে পরিচিত। তার কার্যক্রমের ফলে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং জনগণ নিরাপদ বোধ করছে।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার পর বাবলুর রহমান খান বলেন, “এই সম্মাননা আমাকে আরও দায়িত্বশীল হয়ে জনগণের সেবা করার প্রেরণা দিচ্ছে। আমি পুলিশের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব ইনশাআল্লাহ।”
তিনি আরও উল্লেখ করেন, স্থানীয় জনগণের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে আইন-শৃঙ্খলা রক্ষা এবং সেবা সম্প্রসারণই তার প্রধান লক্ষ্য। এই অর্জনের জন্য ফরিদপুরের বিভিন্ন শ্রেণির মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার ভবিষ্যৎ কার্যক্রমে সমর্থন প্রকাশ করেছেন।
ফরিদপুর জেলার জনগণ আশা করছে, বাবলুর রহমান খানের নেতৃত্বে জেলা পুলিশ আরও কার্যকরভাবে কাজ করবে এবং সাধারণ মানুষ আরও নিরাপদ বোধ করবে।








