দোয়ারাবাজারে পশু জবাই প্রশিক্ষণ, চামড়া সংরক্ষণে বিশেষ নির্দেশনা

এম ডি ফারুক মিয়া দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে “দোয়ারাবাজারে পশু জবাই প্রশিক্ষণ” এবং “চামড়া সংরক্ষণ কর্মশালা” বিষয়ক বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস এম এমদাদুল হক।
কর্মশালায় অংশগ্রহণকারীদের কোরবানির পশু সঠিক নিয়মে জবাই করার বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। বিশেষ করে রোগমুক্ত পশু নির্বাচন, ধারালো ও নিরাপদ অস্ত্র ব্যবহার, স্বাস্থ্যসম্মত পরিবেশে জবাই এবং পশুর চামড়া ছাড়ানোর সময় প্রয়োজনীয় সতর্কতা নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষকরা জানান, কোরবানির সময় অসাবধানতার কারণে প্রতিবছর বিপুল পরিমাণ চামড়া ক্ষতিগ্রস্ত হয়। ফলে দেশের চামড়া শিল্প বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ে। এ সমস্যা কমাতে “চামড়া সংরক্ষণ কর্মশালা”-তে অংশগ্রহণকারীদের লবণ ব্যবহার করে চামড়া সংরক্ষণের সঠিক পদ্ধতি শেখানো হয়। সরকার কর্তৃক বিনামূল্যে সরবরাহকৃত লবণ কীভাবে ব্যবহার করলে চামড়ার গুণগত মান অক্ষুণ্ন থাকবে, সে বিষয়েও বিস্তারিত নির্দেশনা প্রদান করা হয়।
এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ইমাম, মোয়াজ্জিন, কসাই ও চামড়া ব্যবসায়ীসহ প্রায় ৭৩ জন অংশগ্রহণ করেন। আয়োজকরা আশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে নিরাপদ কোরবানি নিশ্চিত হওয়ার পাশাপাশি চামড়ার অপচয় কমবে এবং দেশের চামড়া শিল্প আরও সমৃদ্ধ হবে।
স্থানীয় প্রশাসন জানায়, সচেতনতা বৃদ্ধি ও সঠিক প্রশিক্ষণের মাধ্যমে কোরবানির পশুর চামড়ার মান উন্নত করা সম্ভব। এতে জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং স্থানীয় ব্যবসায়ীরাও লাভবান হবেন।








