নাসিরনগরে প্রেমিকের বাড়িতে গিয়ে জননীর আত্মহত্যার চেষ্টা

মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি,
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নাসিরনগরে পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। প্রেমঘটিত বিরোধের জেরে পাঁচ সন্তানের জননী আমেনা খাতুন (৩১) বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধরমন্ডল ইউনিয়নের চকবাজার এলাকায়, শুক্রবার (২৯ মে) দুপুর আনুমানিক দুইটার দিকে।
স্থানীয় সূত্রে জানা যায়, আমেনা খাতুন দীর্ঘদিন ধরে মো. জালাল নামে এক তরুণ কাপড় ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কের মধ্যে ছিলেন। জালাল একই এলাকার সিদ্দিক আলীর ছেলে। প্রায় চার বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক চললেও পরে জালাল অন্যত্র বিয়ে করলে সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এ ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা সৃষ্টি হয়।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, ঘটনার দিন আমেনা খাতুন জালালের বাড়িতে যান। সেখানে তিনি ঘরের দরজার সামনে সবজি ক্ষেতে ব্যবহৃত বিষ ‘সাইপারমেথ্রিন ১০ ইসি’ পান করেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী আমেনা খাতুন চার সন্তানের মা এবং এক মেয়েসহ মোট পাঁচ সন্তানের জননী। তার স্বামী প্রায় চার বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। স্বামীর মৃত্যুর পর থেকেই তিনি সন্তানদের নিয়ে একা জীবনযাপন করছিলেন বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, সম্পর্কের জটিলতা ও পারিবারিক সংকটের কারণেই এমন আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। তবে বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুল ইসলাম জানান, একজন নারী বিষপান করে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।








