নাসিরনগরে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি,
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শহীদ জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নাসিরনগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. কে এম খালেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এবং উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।
প্রধান অতিথির বক্তব্যে এম এ হান্নান বলেন, শহীদ প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয়তাবাদী রাজনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেন। তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতার আদর্শ ও রাজনৈতিক দর্শন অনুসরণ করে দল দেশের উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বসির উদ্দিন তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আলী আজম চৌধুরী।
এছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা শহীদ জিয়াউর রহমান-এর জীবন, কর্ম এবং রাজনৈতিক দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, তাঁর আদর্শ ও নীতিকে ধারণ করে বিএনপি একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয় উপজেলা পরিষদ অডিটোরিয়াম।
আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমান-এর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ অলিউল্লাহ।
পরে প্রধান অতিথি এম এ হান্নান শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।








