পোরশায় কাতিপুর কালিনগর বিদ্যালয়ে শিক্ষার আলো ছড়াচ্ছে

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি।
নওগাঁর পোরশায় শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে কাতিপুর কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সরাইগাছি জিরো পয়েন্ট থেকে মাত্র এক কিলোমিটার পূর্বে অবস্থিত বিদ্যালয়টি পড়াশোনার পরিবেশ, শিক্ষকতার মান ও সার্বিক ব্যবস্থাপনায় স্থানীয়ভাবে সুনাম অর্জন করেছে।
বিদ্যালয়ে নিয়মিত দুই শিফটে পাঠদান কার্যক্রম পরিচালিত হয়। প্রথম শিফটে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করা হয়। শিক্ষকরা নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন। তাঁদের সুন্দর আচরণ ও শিক্ষাবান্ধব পাঠদান পদ্ধতির কারণে বিদ্যালয়ে একটি মনোরম পরিবেশ তৈরি হয়েছে।
কাতিপুর কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর শিক্ষাব্যবস্থার অন্যতম ইতিবাচক দিক হলো প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া। নিয়মিত পড়াশোনার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ, শিষ্টাচার, শৃঙ্খলা ও মানবিক গুণাবলির চর্চা করা হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ ও ভালো আচরণের মানসিকতা তৈরি হচ্ছে।
বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, শিক্ষকরা শিশুদের প্রতি আন্তরিক হওয়ায় বিদ্যালয়ে পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে।
তবে বিদ্যালয়টির ভালো পরিবেশের মাঝেও রয়েছে একটি বড় সমস্যা। বিদ্যালয়ে যাতায়াতের প্রধান রাস্তাটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার বিভিন্ন স্থানে ভাঙাচোরা ও খানাখন্দ সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে এসব স্থানে পানি ও কাদা জমে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের চলাচলে ভোগান্তি বাড়ে।
বিশেষ করে কোমলমতি শিশুদের প্রতিদিন ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে। এতে অভিভাবকদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত রাস্তাটি সংস্কার করা হলে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসফাউল আসেকিন (আসিক) বলেন, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের স্বার্থে বিদ্যালয়ের প্রধান রাস্তাটি দ্রুত সংস্কার করা প্রয়োজন। এ বিষয়ে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দ্রুত দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
প্রধান শিক্ষক আরও বলেন, রাস্তাটি সংস্কার করা হলে শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশও আরও সুন্দর হবে।
এদিকে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পোরশায় প্রাথমিক বিদ্যালয় হিসেবে কাতিপুর কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।








