মীরসরাই আইনগত সহায়তা সভা: ন্যায়বিচার নিশ্চিতে মতবিনিময়

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় “মীরসরাই আইনগত সহায়তা সভা” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে ২০২৬ ইং) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। সভাটি অনুষ্ঠিত হয় “ভয়েসেস ফর চেঞ্জ প্রকল্প” এর আওতায়, যা বাস্তবায়ন করছে খান ফাউন্ডেশন (আবদুল মোমেন খান মেমোরিয়াল ফাউন্ডেশন) এবং ইলমা চট্টগ্রাম। আর্থিক সহায়তা প্রদান করে সুইস ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (SDC), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন। পাশাপাশি নাগরিকতা-জিএফএ প্রকল্পটি কারিগরি সহায়তা প্রদান করে।
উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার সভার সভাপতিত্ব করেন। সভা সঞ্চালনা করেন ভয়েসেস ফর চেঞ্জ প্রকল্পের জেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান লিওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই মডেল থানার এসআই মোহাম্মদ শরিফুল ইসলাম।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সামছুল আরম, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ নুরল ইসলাম কাউসার, গ্রাম আদালত প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মোঃ মিজানুর রহমান, সাংবাদিক কমল পাটোয়ারী, সি এ তেজেন্দ্র কুমার, বিভিন্ন গণমাধ্যম কর্মী, নাগরিক ফোরাম কমিটির সদস্যবৃন্দ, প্রকল্প কর্মকর্তা মাসুদ রানা এবং সুশীল সমাজের প্রতিনিধি ও নারী নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, আইনগত সহায়তা রাষ্ট্রের একটি মৌলিক সেবা, যা প্রান্তিক, দরিদ্র ও অসহায় মানুষের ন্যায়বিচার পাওয়ার সুযোগ নিশ্চিত করে। তারা বলেন, অনেক মানুষ এখনো আইনি সহায়তা সম্পর্কে জানে না, ফলে তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এই পরিস্থিতি পরিবর্তনের জন্য “ভয়েসেস ফর চেঞ্জ প্রকল্প” গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বক্তারা আরও বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয় বাড়াতে হবে। তৃণমূল পর্যায়ে আইনগত সহায়তা পৌঁছে দিতে হলে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সামাজিক সংগঠনগুলোর একসাথে কাজ করা জরুরি। বর্তমান চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে ভবিষ্যতে আরও কার্যকর পরিকল্পনা গ্রহণের আহ্বান জানানো হয়।
সভা শেষে অংশগ্রহণকারীরা আইনগত সহায়তা কার্যক্রমকে আরও শক্তিশালী ও জনগণের কাছে সহজলভ্য করার ওপর গুরুত্ব দেন।








